টেইলার্স ব্যবসার আড়ালে মাদক কারবার, চানাচুরের প্যাকেটে বিক্রি হতো গাঁজা-হেরোইন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে টেইলার্স ব্যবসার আড়ালে অভিনব কৌশলে মাদক বিক্রির অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। চানাচুরের প্যাকেট ব্যবহার করে গাঁজা ও হেরোইন বিক্রির এই চক্রের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ৫০ লাখ টাকার মাদক জব্দ করা হয়। অভিযানে ‘মনো’ নামের এক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যিনি দীর্ঘদিন ধরে টেইলার্স দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহ এড়াতে হেরোইন ও গাঁজা চানাচুরের প্যাকেটে ভরে সরবরাহ করা হতো। অভিযানে ওই দোকান ও বাসা থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে হেরোইন, গাঁজা ও ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। বিশেষ করে হেরোইন পরিবহনে চানাচুরের প্যাকেট ব্যবহার করা হতো, যার মাধ্যমে লাখ লাখ টাকার মাদক লেনদেন চলত।
একই দিনে ক্যাম্পের চিহ্নিত সন্ত্রাসী বুনিয়া সোহেলের শ্বশুরবাড়িতেও অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, এলাকায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইচক্র সক্রিয় রয়েছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
(ঢাকাটাইমস/২২ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































