বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা বাদলকে বিএনপির আইনবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকেই এ আদেশ কার্যকর হয়েছে।
মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদলকে দলটির আইনবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে বিএনপির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কায়সার কামাল। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বর্তমানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বদরুদ্দোজা বাদল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক এবং পরবর্তীতে সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি।
দলীয় এই নতুন দায়িত্বের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কাঠামোয় আইনবিষয়ক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে মনে করা হচ্ছে।(ঢাকাটাইমস/২৯ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































