গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, ১৫:১৪
অ- অ+

সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকায় মহাসমাবেশ এবং বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিক সমাবেশ।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ, যিনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি জনদুর্ভোগ লাঘব, জ্বালানি সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তাদের মূল দাবি। তিনি অভিযোগ করেন, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্ব বাড়ছে এবং এসব বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

জোটের পক্ষ থেকে দাবি করা হয়, প্রায় ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করা হয়েছে। সরকার ক্ষমতায় এসে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, সংস্কারের নামে অন্যদিকে বিষয়টি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণরায়ের প্রতি অবজ্ঞার বিরুদ্ধে জনমত আরও শক্তিশালী করতে হবে এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২ মে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ মে চট্টগ্রামে সেমিনারের মাধ্যমে কর্মসূচি শুরু হবে এবং পর্যায়ক্রমে জেলা ও মহানগর পর্যায়ে তা বিস্তৃত করা হবে।

বিভাগীয় সমাবেশের সূচি অনুযায়ী—১৬ মে রাজশাহী, ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া আন্দোলন জোরদার করতে জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জোটের পক্ষ থেকে আরও জানানো হয়, অক্টোবর মাসে রাজধানীতে একটি বড় মহাসমাবেশের আয়োজন করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন সরকারের দায়িত্ব। তবে সরকার উদ্যোগ না নিলে রাজপথেই সমাধান খুঁজতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে রাজপথে নামতে বাধ্য করছে, ফলে জনগণের কাছে যাওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই।

(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা