পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ একাধিক প্রতিষ্ঠান

চলতি বছর সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্সসহ নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ একাধিক প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কার্যক্রম এবং ফেডারেল প্রতিষ্ঠানগুলোতে তার প্রশাসনের ব্যাপক পরিবর্তন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে এ বছর (২০২৬) পুলিৎজার পুরস্কারের ‘ন্যাশনাল রিপোর্টিং’ বিভাগে জয়ী হয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
একই সঙ্গে ‘বিট রিপোর্টিং’ বিভাগেও পুরস্কার অর্জন করেছে রয়টার্স। সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা (Meta)-র বিরুদ্ধে করা অনুসন্ধানে দেখা যায়, শিশু ও সাধারণ ব্যবহারকারীরা ক্ষতিকর এআই চ্যাটবট এবং প্রতারণামূলক বিজ্ঞাপনের সংস্পর্শে আসার ঝুঁকিতে ছিলেন—এ ধরনের তথ্য উন্মোচনের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম পুলিৎজার পুরস্কার অর্জন করেছে। নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, কানেকটিকাট মিরর, শিকাগো ট্রিবিউন এবং অ্যাসোসিয়েটেড প্রেসসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ তালিকায় রয়েছে। নিউইয়র্ক টাইমস একাই তিনটি বিভাগে পুরস্কার জিতেছে।
নিউইয়র্ক টাইমস তাদের অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কৃত হয়েছে, যেখানে ট্রাম্প, তার পরিবার এবং ঘনিষ্ঠ মিত্ররা কীভাবে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তা তুলে ধরা হয়েছে। এছাড়া মতামতধর্মী লেখার জন্য এম. গেসেন এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফির জন্য প্রদায়ক সাহের আলঘোরা পুরস্কার পান।
ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলোতে ট্রাম্প প্রশাসন ও ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে ব্যাপক কাটছাঁট ও সংস্কার নিয়ে করা প্রতিবেদনের জন্য ‘পাবলিক সার্ভিস’ বিভাগে পুলিৎজার অর্জন করে।
অন্যদিকে, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) আন্তর্জাতিক প্রতিবেদনের জন্য পুরস্কৃত হয়েছে। তাদের অনুসন্ধানে উঠে এসেছে কীভাবে বিভিন্ন মার্কিন কোম্পানি চীনের নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে সহায়তা করেছে।
ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে মিনেসোটা স্টার ট্রিবিউনের সাংবাদিকরা পুরস্কার পান। স্থানীয় সাংবাদিকতায় দুটি পৃথক পুরস্কারের একটি জিতে নেয় কানেকটিকাট মিরর ও প্রোপাবলিকা, আরেকটি যায় শিকাগো ট্রিবিউনের ঝুলিতে।
ফিচার লেখায় টেক্সাস মান্থলির অ্যারন পার্সলে, সমালোচনা বিভাগে ডালাস মর্নিং নিউজের মার্ক ল্যামস্টার এবং ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারিতে ব্লুমবার্গের তিন সাংবাদিক পুরস্কৃত হন।
ফিচার ফটোগ্রাফিতে ওয়াশিংটন পোস্টের জাহি চিকেওয়েনদু এবং অডিও রিপোর্টিং বিভাগে পডকাস্ট “Pablo Torre Finds Out”-এর কর্মীরা পুলিৎজার অর্জন করেন।
উল্লেখ্য, পুলিৎজার পুরস্কার যুক্তরাষ্ট্রের সাংবাদিকতা ও সৃজনশীল কাজের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি, যা অনেক সময় ‘সাংবাদিকতার নোবেল’ হিসেবে পরিচিত। ১৯১৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাট্যকর্মে বিশেষ অবদানের জন্য এটি দেওয়া হয়। বিজয়ীদের নির্বাচন করে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়-ভিত্তিক পুলিৎজার বোর্ড।
(ঢাকাটাইমস/৫ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












