নরসিংদীর
মনোহরদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ

নরসিংদীর মনোহরদীতে রাস্তার নির্মাণকাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগ পাওয়া সাংবাদিক সাখাওয়াত হোসেন সৌরভ সিএনএন বাংলা টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি গত ৭ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মনোহরদী উপজেলার একটি সড়কের নির্মাণকাজে অনিয়ম সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেন। এর পরপরই উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে আলোচনায় আসা মনোহরদী যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ পরে এক বক্তব্যে হামলার দায় স্বীকার করে বলেন, ‘মিসটেকের কারণে’ ঘটনাটি ঘটেছে। তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনার সময় উপজেলা প্রশাসনের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ছাড়া হামলার পর ওই সাংবাদিককে থানায় নিয়ে লিখিত জবানবন্দি নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। একই সঙ্গে তাঁকে ‘চাঁদাবাজ’, ‘দোষী’ ও ‘ইয়াবা ব্যবসায়ী’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্নের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয় সাংবাদিকেরা।
স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, জনস্বার্থে সংবাদ প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিক হামলা, হয়রানি বা অপপ্রচারের শিকার হলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ঘটনায় মনোহরদীসহ নরসিংদীর সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































