মৌলভীবাজারে জেএমবি সংশ্লিষ্টতায় সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষ অভিযানে মৌলভীবাজার থেকে এক চাকুরিচ্যুত সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত ১টা ৫০ মিনিটে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার ডিএমপি মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ডিএমপির শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার সন্দেহভাজন আসামি। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবি-এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































