সামাজিক নৈরাজ্য ও মবসন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান

সামাজিক নৈরাজ্য, শিশু নির্যাতন, মবসন্ত্রাস ও রাজনৈতিক সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে ‘বিএনপি সরকারের তিন মাস: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
সাইফুল হক বলেন, দেশে শিশু ধর্ষণ, নৃশংস হত্যাকাণ্ড ও মবসন্ত্রাস গণআতঙ্ক বাড়িয়ে তুলছে। সামাজিক নৈরাজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের উন্নয়নমূলক উদ্যোগও জনমানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। তিনি আরও বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা না করে কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।
সাইফুল হক বলেন, সরকার অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে কিছু অগ্রগতি দেখালেও রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে পিছিয়ে আছে। গণভোট ও সংস্কার প্রশ্নে সরকার নিজেদের অর্জন বিরোধীদের হাতে তুলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুন নূর এবং সঞ্চালনা করেন সদস্যসচিব বাবর চৌধুরী।
আলোচনায় দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে সামাজিক প্রতিবাদ ও প্রতিরোধ জোরদার করা জরুরি। গণতান্ত্রিক সংস্কৃতি টিকিয়ে রাখতে পরমত সহিষ্ণুতার চর্চা বাড়াতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
সিপিডির সিনিয়র অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, রাজনৈতিক প্রক্রিয়ার সংস্কার ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়। তিনি বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়া, দারিদ্র্য বৃদ্ধি ও রাজস্ব ঘাটতির মতো অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, সামাজিক বৈষম্য কমাতে কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। তিনি রাজনৈতিক সংস্কার, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্রীয় কাঠামোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
মিডিয়া ব্যক্তিত্ব আমিরুল মোমেনিন মানিক বলেন, সমাজে বিভাজন তৈরি না করে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক উত্তরণের পথে এগোতে হবে এবং জনগণের ওপর আস্থা রাখতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক অগ্নিশিখার ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান খান, ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সদস্য মাসুদুর রহমান মল্লিকসহ অনেকে।
সভাপতির বক্তব্যে শেখ আবদুন নূর বলেন, সরকারের প্রথম তিন মাসে সদিচ্ছার কিছু লক্ষণ দেখা গেলেও তা জনপ্রত্যাশা পূরণে যথেষ্ট নয়। তিনি জনগণের প্রত্যাশা পূরণে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













