অনিয়মের অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা, নবজাতকের মৃত্যু নিয়ে তদন্ত অব্যাহত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পৃথক তদন্তও চলমান রয়েছে।
রবিবার (৩১ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সংবাদ সম্মেলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করে একাধিক অনিয়ম পাওয়া গেছে। তিনি বলেন, ব্লাড ব্যাংক ছাড়া অন্যান্য ওয়ার্ডে ব্যবহৃত রেফ্রিজারেটরগুলোতে প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ বা মনিটরিং মিটার পাওয়া যায়নি। চিকিৎসা প্রতিষ্ঠানে ওষুধ, খাদ্য ও সংবেদনশীল উপকরণ সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এ ছাড়া হাসপাতালের কয়েকটি অংশে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখা গেছে। খাদ্যসামগ্রী সংরক্ষণের একটি স্থানে পণ্যের লেবেলিংয়ে ত্রুটি এবং পরিবেশগত মানের ঘাটতিও শনাক্ত করা হয়।
ম্যাজিস্ট্রেট বলেন, চিহ্নিত অনিয়মের কারণে আইন অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।
এদিকে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি ও অশোভন আচরণের ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি জানান, ঘটনার তদন্ত করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অনভিপ্রেত আচরণের অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, প্রতিষ্ঠানটি প্রচলিত নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে এবং সেবার মান বজায় রাখতে তারা কাজ করে যাচ্ছে।
গত বুধবার হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে।
ঘটনার পর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে বিষয়টি তদন্ত করছে। কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের পোস্ট-অপারেটিভ কক্ষে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকার অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
নবজাতকদের মৃত্যুর ঘটনায় পুলিশও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ, দায়-দায়িত্ব এবং সম্ভাব্য অবহেলার বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিহত নবজাতকদের একজনের বাবা রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে শিশুদের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
ছয় নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চলমান তদন্ত, হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়া অনিয়ম, সব মিলিয়ে আদ্-দ্বীন হাসপাতাল বর্তমানে জনমত ও প্রশাসনিক নজরদারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
(ঢাকাটাইমস/১ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































