টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার বিকাল ৩টার দিকে টেকনাফ থানার শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে।
পালানোর সময় বোট থেকে একটি বস্তা সমুদ্রে ফেলে দেওয়া হয়। পরে কোস্ট গার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে এর ভেতরে গাঁজা পান। এরপর ধাওয়া করে বোটটি আটক করা হয়।
পরে বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজাভর্তি বস্তা জব্দ করা হয়। উদ্ধার করা দুই বস্তা থেকে মোট ২৭ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১০ হাজার টাকা। এ সময় মাদক পাচারে ব্যবহৃত বোট জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































