যেসব খাতে বিআইএন বাধ্যতামূলক হচ্ছে

ভ্যাট আদায় বাড়ানো এবং ব্যবসায়িক কার্যক্রম আরও স্বচ্ছ করতে সাতটি খাতে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট খোলাও রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট প্রস্তাব অনুযায়ী, ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খুলতে বা ঋণ গ্রহণ করতে হলে ব্যবসায়ীদের বিআইএন নিতে হবে।
একই সঙ্গে ট্রেড লাইসেন্স নবায়ন, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন, প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নেওয়া এবং বিআরটিএ থেকে প্রতিষ্ঠানের নামে যানবাহনের নিবন্ধন করতে গেলেও বিআইএন বাধ্যতামূলক হবে।
যেসব খাতে বিআইএন বাধ্যতামূলক হচ্ছে-
- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খোলা;
- ঋণ গ্রহণ;
- ট্রেড লাইসেন্স নবায়ন;
- এমএফএস মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা;
- বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন;
- প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নেওয়া;
- ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহনের নিবন্ধন।
এসব পদক্ষেপের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক তথ্যভাণ্ডার তৈরি হবে এবং ভ্যাট ফাঁকি কমানো সম্ভব হবে বলে জানান অর্থমন্ত্রী।
প্রস্তাবিত বাজেটে কর ফাঁকি রোধ ও রাজস্ব আদায় বাড়াতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদারের ঘোষণাও দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশন’ বা কেন্দ্রীয় তথ্য সমন্বয় ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আওতায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জাতীয় তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংকিং ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ বিভিন্ন ইউটিলিটি সেবা, সাব-রেজিস্ট্রি অফিস এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্যভাণ্ডারের সঙ্গে সংযুক্ত করা হবে।
সংসদে উপস্থাপনের আগে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































