সীমান্তের শূন্যরেখায় আটকা সেই বৃদ্ধ অবশেষে পেলেন পরিবার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের শূন্যরেখায় আটকা পড়া সেই বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মণের পরিচয় মেলার পর উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে বকশীগঞ্জ থানা থেকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে।
উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মণ। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে সীমান্তে ঠেলে দিলে প্রায় ২৪ ঘণ্টা তিনি শূন্যরেখায় অবস্থান করছিলেন।
কামালপুর সীমান্তে শূন্য রেখায় থাকা ওই বৃদ্ধকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। এরপর পরিচয় নিশ্চিত করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ ও তার পরিবার জানায়, বৃদ্ধকে থানায় আনার পর তার পরিবারের সাথে যোগাযোগ হলে তারা তাকে শনাক্ত করে। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।
ষষ্টি চন্দ্রের ছোট ভাই ভবানি বর্মণ বলেন, ‘দুই মাস ধরে ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। আমরা খুব চিন্তায় ছিলাম। বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও সন্ধান মেলেনি। সীমান্তে আটকে থাকার ভিডিও দেখে তাকে শনাক্ত করতে পারি। ভাইকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি। যারা তাকে উদ্ধার ও আমাদের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
ষষ্টি চন্দ্র বর্মণের ভাগিনা স্বপ্ননীল বলেন, ‘আমার খালুর মানসিক সমস্যা রয়েছে। তিনি মাঝেমধ্যে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে যান। প্রায় দুই মাস ধরে তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। অনেক দিন পর তাকে ফিরে পেয়ে পরিবারের সবাই স্বস্তি পেয়েছে। এখন আমরা তাকে নিয়ে রাজশাহী যাব।’
আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে ষষ্টি চন্দ্রকে হস্তান্তর করা হয়। এ সময় বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১১জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































