ইতালিতে মানবপাচার চক্রে বাংলাদেশ বিমানের কর্মকর্তা, সিআইডির অভিযানে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৬, ১৬:১৬
অ- অ+

জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমানের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃত আসামির নাম– মোহাম্মদ আখলাছুর রহমান (৪০)। তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জুনিয়র অফিসার (গ্রাউন্ড সার্ভিস, আইএনএস গেইট) হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ভোর সাড়ে ৩টার দিকে জামালপুরের বকশীগঞ্জ থানার নিলক্ষীয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোহাম্মদ বদরুল আলম মোল্লা। এ সময় সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি মানবপাচার চক্র ইতালিতে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি ৩০ লাখ টাকার চুক্তি করে। ভুক্তভোগীরা এর মধ্যে ২০ লাখ টাকা করে পরিশোধ করেন। এরপর চক্রটি নেপালগামী ও ইতালিগামী বিমান টিকিট, বোর্ডিং পাস এবং জাল শেনজেন ভিসা সরবরাহ করে।

গত ২৬ মে ভুক্তভোগীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির উদ্দেশে যাত্রা করেন। তবে ইতালির রোম ফিউমিচিনো লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের পাসপোর্টে থাকা শেনজেন ভিসা যাচাই করে জাল বলে শনাক্ত করে। পরে তাদের আটক করে দুই দিন হেফাজতে রাখা হয় এবং ২৮ মে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

পরবর্তীতে দেশে ফিরে ভুক্তভোগীরা ইমিগ্রেশন পুলিশ ও সিআইডির কাছে ঘটনার বিস্তারিত তথ্য দেন। তদন্তে উঠে আসে, একটি সংঘবদ্ধ চক্র বিদেশে বৈধ কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে জাল ভিসার মাধ্যমে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাৎ করেছে।

এই ঘটনায় বিমানবন্দর (ডিএমপি) থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

সিআইডি আরও জানায়, তদন্তে প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কর্মকর্তা মোহাম্মদ আখলাছুর রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে গ্রেপ্তার করা হয়।

চক্রের মূলহোতা ও অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিআইডি কর্মকর্তা বদরুল আলম বলেন, বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে সবাইকে সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি মানবপাচার, জাল ভিসা বা অভিবাসী চোরাচালান সংক্রান্ত কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তার অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধন
ইউনিয়নের ডিজিটাল সেন্টারকে আধুনিক ও কার্যকর করতে কাজ করছে সরকার: মন্ত্রী
আর্জেন্টিনার একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ
বিশ্বকাপে কোন দলের সমর্থক, ইঙ্গিতে জানালেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা