বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, ডলার শক্তিশালী হওয়ায় চাপ বৃদ্ধি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ১২:০৩
অ- অ+

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক চুক্তি, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে; এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যে চাপ তৈরি হওয়ায় স্বর্ণের দাম এক শতাংশের বেশি কমেছে। খবর রয়টার্সের।

আজ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪২ দশমিক ৬১ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১ শতাংশ কমে ৪ হাজার ১৬০ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের ওপর প্রধান চাপ তৈরি করছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের দাম কমলেও শক্তিশালী ডলারের কারণে স্বর্ণ সেই সুবিধা ধরে রাখতে পারছে না। ফেড সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশায় ডলার আরও শক্তিশালী হচ্ছে, যা স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলছে।

গত সপ্তাহে এক বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পরও ডলার এখনও শক্ত অবস্থানে রয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে, যা চাহিদা কমাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে, যা বৈশ্বিক বাজারে কিছুটা স্বস্তি আনলেও স্বর্ণের দামের পতন ঠেকাতে পারেনি।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট সিলভার, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ উর রহমান
ধানমন্ডি ৩২ থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া এক ব্যক্তি আটক
পবিত্র আশুরা নির্বিঘ্ন করতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা