পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত ১৪ শিশু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের উপকণ্ঠে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে কমপক্ষে ১৪ জন শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হয় এবং ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
লাহোরের কাহনা এলাকায় মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২ জানায়, ঘটনাস্থল থেকে ১০ বছরের কম বয়সী কয়েকজন শিশুসহ আহতদের উদ্ধার করা হয়। প্রায় এক ঘণ্টার মধ্যে উদ্ধার অভিযান শেষ করা হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ভবনের ছাদের ওপর মেরামত কাজ চলছিল। স্থানীয় এক বাসিন্দা দাবি করেন, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় এটি ধসে পড়ে।
নিহত এক শিশুর আত্মীয় জহির বলেন, “ছাদের টাইলস মেরামতের কাজ চলছিল, হঠাৎ করেই ছাদ ভেঙে পড়ে শিশুদের ওপর।”
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ ঘটনাটিকে “হৃদয়বিদারক ট্র্যাজেডি” হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আরও বলেন, ঘটনার দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ইতোমধ্যে দুইজনকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































