প্রিয় নিলোফার আপা, আপনার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: ছাত্রদল সভাপতি

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল একটি টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ।’
তিনি আরও লেখেন, ‘আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সে ক্ষেত্রে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেওয়ার সময় আপনি আরও সংযত ও শ্রদ্ধাশীল থাকবেন, সেই প্রত্যাশা করি।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































