খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল, অনুপস্থিত সুপ্রিম লিডার মোজতবা

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন লাখো মানুষ। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তার ছেলে ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি।
এ বিষয়ে কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক পল মুসগ্রাভ আল–জাজিরাকে বলেন, মোজতবার অনুপস্থিতির কারণ সহজেই অনুমান করা যায়। তার মতে, ইরান আশঙ্কা করছে, শেষ বিদায়ের অনুষ্ঠানে ইসরায়েল আবারও হামলা চালিয়ে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করতে পারে।
মুসগ্রাভ বলেন, অতীতে ইরানও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে এমন জনসমাগমের সুযোগ কাজে লাগিয়েছে। তাই নিরাপত্তার ঝুঁকির বিষয়টি দেশটির বিবেচনায় রয়েছে।
তবে তার মতে, দেশের সর্বোচ্চ নেতার জনসমক্ষে আসাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মোজতবা খামেনিকে সর্বশেষ কয়েক মাস আগে প্রকাশ্যে দেখা গিয়েছিল। এমন পরিস্থিতিতে তাকে জনগণের সামনে উপস্থিত হওয়ার উপায় খুঁজে বের করা উচিত।
পল মুসগ্রাভের ভাষ্য, ‘ইরানকে এমন একটি উপায় বের করতে হবে, যাতে বোঝানো যায় সুপ্রিম লিডার আড়ালে থাকা কোনো ব্যক্তি নন; তিনিই দেশের প্রকৃত দায়িত্বে আছেন। যদিও বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সতর্কতার বিষয়টি যৌক্তিক হতে পারে, তবু শেষ পর্যন্ত তাকে জনসমক্ষে আসতে হবে।’
এর আগে শুক্রবার বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার তার মরদেহবাহী কফিন সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন লাখো মানুষ।
সূত্র: আল–জাজিরা
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































