কুমিল্লা-নোয়াখালী সড়কে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মনোহরগঞ্জ উপজেলার বিপুলেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন নোয়াখালী জেলার কাচিহাটা গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল (৬০)।
লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাথেরপেটুয়া সংলগ্ন বিপুলেশ্বর এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তারা হতাহতদের উদ্ধার করে আহত ১০ যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































