যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি প্রবাসী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৬, ১১:২৭
অ- অ+

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতের নাম মো. মাহফুজুল হক (৪৩)। খাবার ডেলিভারি দিতে গিয়ে হামলার শিকার হয়ে তিনি প্রাণ হারান।

মাহফুজুল হক ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাতে কিংসেসিং এলাকায় খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় মাহফুজুল হককে গুলি করা হয়। সাউথ ইথান স্ট্রিট ব্লকে রাত সাড়ে ৯টার কিছু আগে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা মাহফুজুল হককে তার গাড়ির পাশে রাস্তায় পড়ে থাকতে দেখতে পায়। এ সময় তার গাড়ির ইঞ্জিন চালু ছিল।

তদন্ত কর্মকর্তারা জানান, নিহতের মাথার পেছনে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে পেন প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোন, ডোরড্যাশ ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের দুটি গুলির খোসা উদ্ধার করেছে। তবে হামলার কারণ বা হামলাকারীদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

জানা গেছে, মাহফুজুল হক এর আগে আল-শাম উইলো গ্রোভ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন।

প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়ার বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক বিরাজ করছে।

(ঢাকাটাইমস/৯ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানে মার্কিন হামলার পর বিশ্ব বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ধস
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা