ইরানের বদলে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বললেন ট্রাম্প, মন্তব্য ঘিরে আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানের পরিবর্তে ভুল করে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ উল্লেখ করেছেন। তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইএএসও টুডে।
ট্রাম্প বলেন, “ইসলামিক রিপাবলিক অব জাপান আমাদের দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।” তিনি আরও দাবি করেন, এক ঘণ্টার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবং সবগুলোই প্রতিহত করা হয়।
তবে জাপানের সংবাদমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, ট্রাম্প সম্ভবত বক্তব্যের সময় ইরানের নামের পরিবর্তে ভুল করে জাপানের নাম উচ্চারণ করেছেন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানকে তিনি ইরানের সঙ্গে গুলিয়ে ফেলেছেন।
কিয়োডো নিউজ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতা রয়েছে। চীন ও উত্তর কোরিয়াকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। অন্যদিকে জাপানের সঙ্গে ইরানেরও কূটনৈতিক সম্পর্ক রয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কাছে একটি ড্রোন আক্রমণাত্মকভাবে এগিয়ে এলে সেটি ভূপাতিত করা হয়।
যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, ওই ঘটনার পর ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে নতুন করে সংঘাত শুরু হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা আবারও বেড়েছে। হরমুজ প্রণালিকে ঘিরে পাল্টাপাল্টি হামলা ও সামরিক হুমকির কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে।
(ঢাকাটাইমস/৯ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































