২০ জুলাই যমুনায় মিত্র দলগুলোর সঙ্গে তারেক রহমানের নৈশভোজ

যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের মান-অভিমান ও রাজনৈতিক দূরত্ব কমাতে আগামী ২০ জুলাই মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক সমন্বয়, পারস্পরিক সম্পর্ক এবং বিভিন্ন বিষয়ে তৈরি হওয়া অসন্তোষ নিরসনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে মিত্র দলগুলোর মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হয়। শরিক দলগুলোর অভিযোগ, সরকার গঠনের পর তাদের প্রত্যাশা অনুযায়ী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হয়নি।
এ পরিস্থিতিতে মিত্রদের সঙ্গে তৈরি হওয়া দূরত্ব কমাতে সরাসরি উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে শরিক দলগুলোর কয়েক দফা আলোচনা হয়েছে বলেও জানা গেছে।
মিত্র দলগুলোর কয়েকজন নেতা জানান, বিদ্যমান ক্ষোভ ও অসন্তোষ নিয়ে এরই মধ্যে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। কেউ কেউ বিএনপি চেয়ারম্যানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সবকিছু ঠিক থাকলে ২০ জুলাইয়ের নৈশভোজে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের জোটগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনায় সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৩ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































