দেশের জন্য সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬, ১৮:০৫
অ- অ+

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন আগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এ দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। এবার আসুন সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করি।’

আজ সোমবার বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আগে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, দলনির্বিশেষে সকলে মিলে, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এইমাত্র কদিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। সকল শ্রেণি-পেশা, সকল ধর্ম-মত নির্বিশেষে মানুষ রাজপথে নেমে এসে এই দেশটাকে স্বৈরাচারমুক্ত করেছে। তার মানে আমরা সকলে মিলে যদি কাঁধে কাঁধ রেখে দেশের জন্য, মানুষের জন্য ভালো কাজগুলো করি, তাহলে সকলে মিলে উপকৃত হব।’

পরে একটি নারিকেল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ রক্ষা সরকারের একার দায়িত্ব নয়, সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আসুন, আজকে বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই সকলে মিলে দেশের পরিবেশ পরিষ্কার রাখব, ঠিক রাখব। এটাই হোক আমাদের অঙ্গীকার।’

তিনি বলেন, ‘আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের আশপাশের এলাকা, আমাদের ঘরবাড়ির আশপাশের এলাকা, আমাদের অফিস-আদালতের আশপাশের এলাকা, আমাদের স্কুল-কলেজের আশপাশের এলাকা, আমাদের হাসপাতালের আশপাশের এলাকাগুলো যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর ও ভালো থাকে।’

সাগরদী খালের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘এই খালটি এই এলাকার জন্য নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খালের যত্ন করাও শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়। খালের দুই পাশে যারা বসবাস করেন, তাঁদেরও এ খালের যত্ন নিতে হবে।’

তিনি বলেন, ‘খালের পানির মধ্যে অনেক সময় প্লাস্টিকের বোতল, পলিথিন, টিস্যু পেপারসহ বিভিন্ন জিনিস ভাসতে দেখা যায়। হয়তো আমরা পার্কে এসে পানি খেলাম, তারপর বোতলটি খালের মধ্যে ফেলে দিলাম। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, খালের মধ্যে এগুলো ফেলবেন না। আপনারা যখনই যার সঙ্গে দেখা করবেন, তাকেও এ বিষয়ে সচেতন করবেন।’

সিটি করপোরেশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে একটি ময়লা ফেলার বিন লাগানো আছে। যারা বিকেলে খালের পাশে বেড়াতে আসেন, তাদের যেন ময়লা বিনের মধ্যেই ফেলতে উৎসাহিত করা হয়। মাইকেও এ বিষয়ে প্রচার করা উচিত। খাল পরিষ্কার রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘খালের অপর পাড়ে একটি পাইপ লাগানো হয়েছে, যা খালের সঙ্গে যুক্ত হয়েছে। এটি যদি বাসাবাড়ির ব্যবহৃত পানি বা সুয়ারেজ লাইনের সংযোগ হয়, তাহলে সিটি করপোরেশনকে অনুরোধ করব ড্রেনেজের ব্যবস্থা করতে। কিন্তু পানি বা সুয়ারেজ লাইনের সংযোগ খালের মধ্যে না রাখাই ভালো। এতে পরিবেশ নষ্ট হয়, পানি দূষিত হয়। কাজেই আমাদের নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরই রক্ষা করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি নিজেদের ঘর নিজেরা গুছিয়ে না রাখি, তাহলে যেমন ঘর ময়লা হয়ে যায়, তেমনি আমরা যদি আমাদের এলাকা, পাড়া বা দেশ পরিষ্কার না রাখি, পরিবেশের খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হব। অন্য দেশের সুন্দর জায়গা দেখে আফসোস করব, অথচ নিজেদের দেশের জায়গাগুলো আমরা নিজেরাই নষ্ট করে দেব।’

কর্মসূচিতে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার এবং সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ নেতারা খালের দুই পাড়ে একটি করে গাছের চারা রোপণ করেন।

এ সময় নেতাকর্মীরা ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’ এবং ‘জিয়ার সৈনিক এক হও’—এসব স্লোগান দেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে গিয়ে মধ্যাহ্নভোজ করেন এবং জোহরের নামাজ আদায় করেন। বরিশাল সফরে তাঁর শেষ কর্মসূচি রয়েছে শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক
রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করা প্রয়োজন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন, আগে কারাগারে যেতে হবে
কলকাতা বিমানবন্দর সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, কারণ যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা