সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন, আগে কারাগারে যেতে হবে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বা বাংলাদেশ—যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে আগে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামা ওয়ায়েদ বলেন, শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন, তাকে বাংলাদেশের আইন অনুযায়ী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের আমলে নেওয়ার কিছু নেই। তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে। তাকে জেলে যেতে হবে। এরপর আইন আইনের গতিতে চলবে।’
শেখ হাসিনা আত্মসমর্পণ না করে রাজনৈতিক বক্তব্য দিলে তা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আসামি যদি আত্মসমর্পণ না করে রাজনৈতিক বক্তব্য দেন, তাহলে আমি মনে করি, এসব উসকানিমূলক বক্তব্য দিয়ে তার দলের পালিয়ে থাকা নেতাকর্মীদের জাগ্রত করার চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ায় যে যোগাযোগ রয়েছে, তা চলমান আছে। কোনো আসামি আত্মসমর্পণ করলে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনা কোথায় আত্মসমর্পণ করবেন—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওয়ায়েদ বলেন, ‘তিনি কি ভারতের নাগরিক? সেখানে থানায় কী করবেন, না করবেন, সেটা তার বিষয়। একজন আসামি কোথায় আত্মসমর্পণ করবেন, সেটা তার ব্যাপার। সরকারের বিষয় নয়।’
তিনি বলেন, ‘তিনি বিদেশে বাংলাদেশের মিশনে আত্মসমর্পণ করুন বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুন, প্রক্রিয়া একই। তাকে জেলে যেতে হবে এবং তার যে সাজা, তার মুখোমুখি হতে হবে।’
শেখ হাসিনার বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন আসামি কী বক্তব্য দিচ্ছেন, তা বাংলাদেশ সরকারের বিবেচনার বিষয় নয় এবং সরকার তা বিবেচনায় নেবে না। বাংলাদেশের আইন অনুযায়ী তার সাজা হয়েছে এবং তিনি সাজাপ্রাপ্ত। সরকারের চলমান প্রক্রিয়া আগের মতোই চলছে।
অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনা ভারত থেকে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছিল। বর্তমান সরকারও ভারতকে এ বিষয়ে জানাবে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওয়ায়েদ বলেন, সব বিষয় বিবৃতি দিয়ে জানানোর প্রয়োজন নেই। ভারতের সঙ্গে চলমান আলোচনা ও যোগাযোগের সময় এসব বিষয় নিয়ে কথা হয়।
তিনি বলেন, ‘একজন আসামি দেশের বাইরে থাকলে তিনি আত্মসমর্পণ করুন বা না করুন, তার বিচার একইভাবে হবে। সরকারের যে প্রক্রিয়া চলছে, তা চলমান থাকবে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































