ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে হেফাজতের আমির বলেন, ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।
হেফাজতের দুই নেতা বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই দেশের আলেম-উলামা, তৌহিদী জনতা ও সাধারণ মানুষের প্রতি ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করার আহ্বান জানান তাঁরা।
এদিকে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ আলেম-উলামা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এ ছাড়া হাটহাজারী দারুল উলুম মাদ্রাসাসহ দেশের বিভিন্ন মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। হাটহাজারীতে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। একইভাবে নানুপুর, জিরি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































