পূবাইলে হামলা নগদ ৩০ লাখ টাকা লুটের অভিযোগে মামলা, দীর্ঘদিন অধরা আসামি

মোঃ রাজীব হোসেন, টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৬, ১৩:৪৬
অ- অ+

গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় পূর্বশত্রুতার জেরে আব্দুর রহিম নামে এক ব্যক্তির ওপর হামলা ও নগদ ৩০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রায় দুই সপ্তাহ পার হলেও প্রধান আসামিসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই সন্ধ্যায় হায়দরাবাদ এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শুক্কুর আলীর ছেলে অলি উল্লাহ পূর্বশত্রুতার জেরে আব্দুর রহিমের ওপর অতর্কিত হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলার সময় অভিযুক্তরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আব্দুর রহিমকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মাথা ফেটে যায় এবং হাতের আঙুল গুরুতর জখম হয়। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফেরেন।

ঘটনার চার দিন পর, গত ১১ জুলাই আব্দুর রহিমের পক্ষ থেকে পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে মামলা হওয়ার পরও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে এবং মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

এদিকে, মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

(ঢাকাটাইমস/২৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদত্যাগী রাষ্ট্রপতির বিচার দাবি নিয়ে নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করবে বিএনপি: রিজভী
বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা: তথ্যমন্ত্রী
নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে বিপিজেএফের মানববন্ধন
থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা