থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় ৭ আরোহীর মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিখোঁজ এক পর্যটককে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় তীব্র স্রোতের কারণে ৭ জন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়।
ঘটনার সময় রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে ৪ জন পর্যটক, নৌকার মাঝি এবং একজন ট্যুরিস্ট গাইডসহ মোট ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে একজন পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ পর্যটকের নাম মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪)। তিনি ময়মনসিংহের মাসকান্দা গ্রামের মো. হেলাল উদ্দিন ও মোছা. দেলোয়ারা আক্তারের ছেলে।
ঘটনার পরপরই বিজিবির চারটি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে উদ্ধার অভিযান শুরু করে। এ অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, ট্যুরিস্ট গাইড এবং স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে বিজিবির উদ্যোগে থানচি ফায়ার সার্ভিসকে অভিযানে যুক্ত করা হয়েছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি না থাকায় নদীর তলদেশে তল্লাশি চালানো সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, এ পরিস্থিতিতে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ডুবুরি দলটি পৌঁছানোর পর নদীর তলদেশে বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৫ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































