জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ইসলামী আন্দোলনের কর্মসূচি

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী গণমিছিল ও রাজধানীর পল্টন মোড়ে বড় জমায়েতের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)-এর নেতৃত্বে পল্টনে কেন্দ্রীয় সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবিতে ওই দিন দেশের সব জেলাতেও একযোগে গণমিছিল করবে দলটি।
রাজধানীর কর্মসূচির রূপরেখা অনুযায়ী, বুধবার সকাল ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে এবং জোহরের নামাজের ঠিক আগে সেখান থেকে গণমিছিলটি বের হবে। এর আগে গত ১ আগস্ট পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথসভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত অনুযায়ীই দেশজুড়ে এই কর্মসূচি পালিত হতে যাচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































