পূবাইলে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন কুদাব এলাকায় শিশু ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মোঃ রেজাউল (৩৭)কে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।
শনিবার (৮ আগস্ট) তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন কুদাব এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেজাউল গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের ঘোশ্বাবর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পূবাইলের কুদাব এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মে আনুমানিক ১০টার দিকে পূবাইল থানাধীন কুদাব এলাকায় একটি ভাড়া বাসার শয়নকক্ষে দুই বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারনামীয় আসামি রেজাউলকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। মামলার ঘটনা সম্পর্কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৯ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































