জমি বিক্রিতে জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার একজন

জমি বিক্রিতে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আতিক উল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজধানীর বাড্ডা থানা পুলিশ। শনিবার বিকালে বাড্ডার সাঁতারকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন।
তিনি বলেন, আতিক উল্লাহর বিরুদ্ধে কাফরুল থানায় জালিয়াতি ও প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানার ভিত্তিতে শনিবার বিকেলে সাঁতারকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানা-পুলিশ সূত্রে জানা যায়, বিডিডিএল নতুনধারা হাউজিং লিমিটেডের এক গ্রাহক জমি বুঝে না পাওয়ার অভিযোগে হাবিবুল হক সরকার (ফুল সরকার), মোস্তাফিজুর রহমান (মানিক), আতিক উল্লাহ ও আহসান উল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেন। ২০২০ সালের নভেম্বর মাসে মামলাটি করা হয়।
সূত্র জানায়, মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। পরে আদালত আতিক উল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, আতিক উল্লাহ ও তার ছেলে আহসান উল্লাহ কোম্পানির জমি ক্রয়-বিক্রয় ও নিবন্ধনসংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এ সুযোগে তারা জমির দলিল ও মালিকানা নিয়ে অনিয়ম করেন বলে অভিযোগ করা হয়েছে। গ্রাহকের জমি অন্যত্র বিক্রি, কোম্পানির জমি নিজেদের নামে নেওয়া এবং জাল দলিল ও স্বাক্ষর ব্যবহারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযোগে আরও বলা হয়েছে, আতিক উল্লাহ, আহসান উল্লাহ ও তাদের সহযোগীরা বিডিডিএল নতুনধারা হাউজিংসহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির জমি জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিক্রি ও দখল করে শত কোটি টাকার মালিক হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এসব অভিযোগে বিভিন্ন সময়ে ঢাকার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। কয়েকটি মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































