ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেপ্তার, মামলা ৪৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, মতিঝিল বিভাগে ৮৭ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৩৩ জন, উত্তরা বিভাগে ৫০ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের চারটি মিউজিক সিস্টেম, পাঁচটি মোবাইল ফোন, একটি চাকু, একটি সিএনজি, ১৫৭টি সিম, তিনটি মোটরসাইকেল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১২টি হাসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছোরা, একটি কাটার, ৭ হাজার ৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নয়টি ইনজেকশন (অ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলিলিটার বিদেশি মদ।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
(ঢাকাটাইমস/১০ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































