সালমান শাহ হত্যায় ১২ লাখের চুক্তি, সাংবাদিক ইলিয়াসের সেই অনুসন্ধানী প্রতিবেদন ফের আলোচনায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ০০:২৯| আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০০:৩৪
অ- অ+

চিত্রনায়ক সালমান শাহ হত্যায় খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তির দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ঢাকার আদালতে রবিবার দেওয়া এই বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের কয়েক বছর আগের একটি অনুসন্ধানী প্রতিবেদন। ওই প্রতিবেদনে সালমান শাহ হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনা, জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং অর্থের বিনিময়ে হত্যার অভিযোগ তুলে ধরা হয়েছিল।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে ২৫ বছর বয়সী চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এ নিয়ে নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে বছরের পর বছর।

এদিকে সালমান শাহ হত্যা মামলায় গত রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী দাবি করেন, সালমান শাহকে হত্যার জন্য শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ১২ লাখ টাকায় ডনের সঙ্গে চুক্তি করেছিলেন।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, অন্য একটি হত্যা মামলায় রিজভী আহমেদ নামের এক আসামির দেওয়া স্বীকারোক্তিতে সালমান শাহ হত্যার নেপথ্যের কিছু তথ্য উঠে এসেছে। সেখানে সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের কথিত সম্পর্ক এবং সেই সম্পর্কের জের ধরে হত্যার পরিকল্পনার অভিযোগের কথাও আদালতে তুলে ধরা হয়।

আগেই অনুসন্ধানে বিষয়টি তুলে ধরেছিলেন সাংবাদিক ইলিয়াস

সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন থাকলেও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটি অনুসন্ধানী প্রতিবেদন আগে থেকেই এ ঘটনাকে নতুনভাবে আলোচনায় এনেছিল।

ইলিয়াসের সেই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সালমান শাহকে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করা হয়েছিল। প্রতিবেদনে হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিলেন, কীভাবে পরিকল্পনা করা হয়েছিল এবং অর্থের বিনিময়ে হত্যার মিশন বাস্তবায়নের অভিযোগ—এসব বিষয় তুলে ধরা হয়।

বিশেষ করে হত্যার জন্য অর্থের বিনিময়ে ডনসহ অন্যদের ব্যবহারের যে অভিযোগ ইলিয়াসের অনুসন্ধানে উঠে এসেছিল, আদালতে রাষ্ট্রপক্ষের সাম্প্রতিক বক্তব্যের পর সেটিই আবার সামনে এসেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি গাড়ি
১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
আবারও ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ দেবে শুধু সনদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা