সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতিসহ গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে বৃদ্ধ দম্পতিসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশকমিশনার মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– রায়নগর মিতালী আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের কাজের মেয়ে মালু বেগম (৭৬)।
ঘটনাটি তদন্তে পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিবি কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, পুলিশ কমিশনার, এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থলের ক্রাইম সিন পরীক্ষা, বিভিন্ন আলামত সংগ্রহ, সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় বাসার সিসিটিভি ক্যামেরা সচল ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ চলে যাওয়ার আগেই কেউ ওই বাসায় প্রবেশ করে থাকতে পারে। তবে পুরো এলাকার সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ না করা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আশপাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো ছুরি বা অস্ত্র উদ্ধার করা হয়নি। তদন্তের কাজ মাত্র শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত, সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের তথ্যসহ সবকিছু বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































