বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটান জেলা আদালতের বিচারক জ্যানেট ভার্গাস। আদালত রায়ে বলেছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের নীতি গ্রহণের আইনগত ক্ষমতা রাখে না।
গতকাল শুক্রবার দেওয়া রায়ে বিচারক জ্যানেট ভার্গাস বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ভিসা প্রক্রিয়া চালু রাখা বা স্থগিত করার নীতি যুক্তরাষ্ট্রের বিদ্যমান ভিসা আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিধিবদ্ধ ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। তাঁর মতে, এ ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ক্ষমতার সীমাও অতিক্রম করা হয়েছে।
চলতি বছরের ১৩ জানুয়ারি ট্রাম্প প্রশাসন বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, কলম্বিয়া, মিসর, সিরিয়া ও ভেনেজুয়েলাসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন, গ্রিনকার্ড প্রক্রিয়াকরণ এবং নাগরিকত্বসংক্রান্ত আবেদন পর্যালোচনায় স্থগিতাদেশ দেয়। ২১ জানুয়ারি থেকে সেই নীতি কার্যকর হয়।
সে সময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিল, এসব দেশের অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ায় মার্কিন করদাতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। সেই যুক্তিতেই ভিসা ও গ্রিনকার্ড প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল।
এ নীতির বিরুদ্ধে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক এবং আফ্রিকান কমিউনিটিজ টুগেদার নামের দুটি অভিবাসী অধিকার সংগঠন ম্যানহাটান জেলা আদালতে মামলা করে। সেই মামলার রায়েই ট্রাম্প প্রশাসনের নীতিকে অবৈধ ঘোষণা করেন বিচারক ভার্গাস।
এর আগে ৩ আগস্ট কলাম্বিয়া জেলা আদালতের বিচারক অমিত মেহতাও পৃথক এক রায়ে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড আবেদন পর্যালোচনা স্থগিতের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছিলেন।
সূত্র: রয়টার্স
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































