৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, আহত ২৩

জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছেন। আজ রবিবার (২৩ আগস্ট) স্থানীয় সময় ভোরে দেশটির বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইবারাকি অঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল এবং রাজধানী টোকিওসহ বিভিন্ন এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। তবে এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পে সাইতামা, কানাগাওয়া, চিবা ও ইবারাকি—এই চার জেলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। এর মধ্যে সাইতামা ও কানাগাওয়ায় ৯ জন করে, চিবায় চারজন এবং ইবারাকিতে একজন আহত হয়েছেন।
ভোরে ভূমিকম্প আঘাত হানায় তখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শক্তিশালী কম্পনে ঘুম ভেঙে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
আহতদের বেশিরভাগই বিছানা থেকে পড়ে গিয়ে অথবা দরজা ও আসবাবপত্রের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন। কানাগাওয়ার ইয়োকোহামা শহরে ৮০ বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন।
ভূমিকম্পের প্রভাবে টোকিও থেকে বিভিন্ন অঞ্চলে চলাচলকারী রেল নেটওয়ার্কে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত অবকাঠামো পরিদর্শন ও মেরামতের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ক্ষয়ক্ষতি পর্যালোচনা ও পরিস্থিতি মোকাবিলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।
সাম্প্রতিক ভূমিকম্পের পর কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং সম্ভাব্য পরবর্তী কম্পনের বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
(ঢাকাটাইমস/২৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































