সাইপ্রাসে উপকূলে ২৭০ জন যাত্রী নিয়ে নৌকাডুবি

উত্তর সাইপ্রাসের উপকূলে ২৭০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি জাহাজ ডুবে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, কাইরেনিয়া বন্দর থেকে জাহাজটি তুরস্কের মেরসিন প্রদেশের তাসুজু বন্দরের দিকে যাচ্ছিল। তবে বন্দর থেকে রওনা হওয়ার পর উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে জাহাজটি ডুবে যেতে শুরু করে।
স্বঘোষিত ‘টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস’ (টিআরএনসি)-এর পরিবহনমন্ত্রী এরহান আরিকলি স্থানীয় টেলিভিশনকে জানান, প্রায় ১০০ জন যাত্রীকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, জাহাজে ২৬৭ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৫৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য রয়েছেন।
১৯৭৪ সাল থেকেই সাইপ্রাস বিভক্ত অবস্থায় রয়েছে। এর উত্তরাঞ্চল টিআরএনসি-র প্রশাসনের অধীনে পরিচালিত হয়ে আসছে। যা আন্তর্জাতিকভাবে কেবল তুরস্কের স্বীকৃতি পেয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, উল্টে যাওয়া জাহাজটির আশপাশের পানিতে লাইফ জ্যাকেট পরিহিত মানুষজন অবস্থান করছেন। সূত্র: আলজাজিরা, টিআরটি ওয়ার্ল্ড।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































