অস্ত্রের মুখে জিম্মি করে শিশুসহ তিনজনকে গাছে বেঁধে মোটরসাইকেল ছিনতাই

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক সময়ে দুই মোটরসাইকেল আরোহীকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় এক ব্যক্তি ও তার দুই শিশুসন্তানকে মারধর করে মেহগনি বাগানে নিয়ে গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে রাখার অভিযোগও পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যা ৭টা ও রাত ৯টার দিকে উপজেলার ফরিদপুর-গড়চাপড়া সড়কের ঘোড়ামারা ব্রিজ এলাকায় এসব ঘটনা ঘটে বলে ভুক্তভোগীদের দাবি। খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী ফরিদপুর গ্রামের হারান মন্ডলের ছেলে বিপ্লব (৩২) বলেন, মাগরিবের নামাজের পর মোটরসাইকেলে গড়চাপড়া গ্রামের দিকে যাচ্ছিলেন। ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৌঁছালে ছয়জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করেন। বিপ্লবের অভিযোগ, অস্ত্রের মুখে জিম্মি করে হিরো হোন্ডা ১০০ সিসি মোটরসাইকেল, প্রায় দুই হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে পাশের একটি মেহগনি বাগানে নিয়ে গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। সেখানে একজন দুর্বৃত্ত পাহারায় ছিল।
অন্যদিকে গড়চাপড়া গ্রামের বদরুদ্দিনের ছেলে শুকুর আলী (৩০) বলেন, পারকুলা এলাকায় একটি মিলাদ মাহফিল শেষে রাত নয়টার দিকে পাঁচ ও তিন বছর বয়সী দুই সন্তান সজিব ও রাজীবকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছালে দেশীয় অস্ত্রে সজ্জিত প্রায় নয়জনের একটি দল পথরোধ করে। শুকুর আলীর অভিযোগ, দুর্বৃত্তরা তার ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল, সঙ্গে থাকা ৫০ টাকা ও তিন প্যাকেট খিচুড়ি নিয়ে যায়। এ সময় দুই শিশু কান্নাকাটি শুরু করলে আমাকে ও সন্তানদের মারধর করা হয়। পরে একটি মেহগনি বাগানে নিয়ে গামছা দিয়ে বেঁধে রাখা হয়। দুই সন্তানকে পাশে বসিয়ে একজন দুর্বৃত্ত পাহারা দিচ্ছিল।
শুকুর আলী বলেন, প্রায় ১০ মিনিট পর পাহারায় থাকা ব্যক্তি কিছুটা দূরে গেলে কৌশলে হাত-পায়ের বাঁধন খুলে দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসীকে ঘটনাটি জানায়।
বিপ্লব বলেন, তার পাশের গাছে বাঁধা শুকুর আলী পালিয়ে যাওয়ার পর এক দুর্বৃত্ত এসে শুকুর আলী কোথায় জানতে চায়। তিনি পালিয়ে যাওয়ার কথা জানালে ওই ব্যক্তি অন্যদের জানাতে চলে যায়। এ সুযোগে বাঁধন খুলে পালিয়ে গ্রামবাসীকে বিষয়টি জানায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































