এসআই আলতাফ হত্যা ‘আইনের শাসনের প্রতি সরাসরি আঘাত’: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৮
অ- অ+

সাভারের আমিনবাজারে হামলায় স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন নিহত হওয়ার ঘটনাকে ‘আইনের শাসন, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত’ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

রবিবার সংগঠনটির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত এক শোক ও প্রতিবাদ বার্তায় এ কথা বলা হয়।

বার্তায় বলা হয়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে সাভার থানার আমিনবাজারের বড়দেশী মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে ব্যক্তিগত গাড়ি রাখা নিয়ে বিরোধের জেরে এসআই আলতাফ হোসেন ও তার ছোট ছেলে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। এতে আলতাফ হোসেন নিহত এবং তার ছেলে গুরুতর আহত হন।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, ঘটনার সময় আনুমানিক ২০ থেকে ২৫ জনের একটি দল আলতাফ হোসেন ও তার ছেলের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের মারধর করে গুরুতর আহত করে। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯টা ১৮ মিনিটে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত আরিফুল ইসলাম বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শোক ও প্রতিবাদ বার্তায় বলা হয়, কর্মরত একজন পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা এবং তার সন্তানকে গুরুতর আহত করার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, বর্বর ও উদ্বেগজনক। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে নিহত এসআই আলতাফ হোসেনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তার বিদেহী আত্মার মাগফিরাত এবং আহত আরিফুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4