ভারতীয়দের উদ্দেশে ‘সরে যান’ বার্তা, ট্রাম্প প্রশাসনের পোস্টার ঘিরে ক্ষোভ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩২
অ- অ+

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী নতুন একটি প্রচারণামূলক পোস্টার ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। পোস্টারটিতে অভিবাসীদের ‘নিজেদের দেশে ফিরে যান, নতুবা পরিণতির জন্য প্রস্তুত থাকুন’—এমন বার্তা দেওয়া হয়েছে। এতে ভারতীয় ও দক্ষিণ এশীয়দের নিশানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘ট্রান্সফর্মার্স’-এর শৈলী অনুসরণ করে তৈরি পোস্টারটিতে ‘মি. সিং’ নাম ব্যবহার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘আমাদের রাস্তা থেকে সরে যান। মি. সিং, আপনি কীভাবে গাড়ি চালাতে হয় তা জানেন না।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির মধ্যে পোস্টারটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্টারটির পক্ষে বার্তা দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বিভাগটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে শত্রুভাবাপন্ন মনোভাব নিয়ে প্রবেশকারীদের প্রতিহত করা হবে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য একটি হেল্পলাইন নম্বরও প্রচারে দেওয়া হয়েছে।

তবে এ উদ্যোগের সমালোচনা করেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। সংগঠনটি পোস্টারটিকে অন্যায্য জাতিগত প্রোফাইলিং হিসেবে আখ্যায়িত করে এফবিআইয়ের তদন্ত দাবি করেছে। একই সঙ্গে ‘ট্রান্সফর্মার্স’ ফ্র্যাঞ্চাইজিটির পরিবেশক প্যারামাউন্ট পিকচার্সকেও বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে তারা।

পোস্টারটির সমালোচনা করেছেন ফক্স সেভেন নিউজের সংবাদ পাঠক অ্যালেক নোলাও। তিনি এটিকে ‘সিং’ পদবিধারী মানুষদের জন্য অপমানজনক বলে মন্তব্য করেন। নিজের দাদা ও প্রপিতামহের যুক্তরাষ্ট্রে কর্মজীবনের ইতিহাস তুলে ধরে সরকারের এ ধরনের প্রচারণাকে বর্ণবাদী ও নিম্নমানসিকতার পরিচয় বলেও মন্তব্য করেন তিনি।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এ উদ্যোগ মূলত তাদের ‘সিবিপি হোম’ কর্মসূচির প্রচারণার অংশ। কর্মসূচিটির আওতায় স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে ইচ্ছুক অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার যাত্রা খরচের পাশাপাশি অতিরিক্ত ২ হাজার ৬০০ ডলার দেওয়ার কথা বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
মেসিই সর্বকালের সেরা, কারও সন্দেহ থাকলে সে ফুটবল বোঝে না: জিদান
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদের বিস্ফোরক অভিযোগ, যা লিখেছেন তিনি?
‘মেয়াদোত্তীর্ণ’ নয়, ফিটনেস সনদ নিয়েই চলছে পিংক বাস: বিআরটিসি