আত্রাই নদীতে সৌতি জাল দিয়ে বাঁধ, ব্যাহত নৌ চলাচল

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:২০
অ- অ+

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর ভাটোপাড়া এলাকায় আত্রাই নদীতে সৌতি জাল দিয়ে বাঁধ তৈরি করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। নদীর পানিপ্রবাহের ওপর আড়াআড়িভাবে বাঁধ এবং দীর্ঘ জাল স্থাপন করায় স্বাভাবিক নৌ চলাচল ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নদীর একটি বড় অংশজুড়ে বাঁশ ও জালের মাধ্যমে মাছ ধরার ব্যবস্থা করা হয়েছে। নদীতে চলাচলকারী নৌযানগুলোকে এ ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে চলাচল করতে হচ্ছে। এতে বিশেষ করে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচলে ভোগান্তি এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নদীতে এভাবে সৌতি জাল দিয়ে বাঁধ দেওয়ার ফলে শুধু নৌ চলাচলই বাধাগ্রস্ত হচ্ছে না, পানির স্বাভাবিক প্রবাহও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নির্বিচারে মাছ ধরার কারণে নদীর মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। সেই সাথে নদী ভাঙনের সম্ভাবনা আছে।

নদীটি স্থানীয় মানুষের নৌ যোগাযোগ, মাছ ধরা ও বিভিন্ন দৈনন্দিন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নদীর ওপর স্থায়ী বা দীর্ঘস্থায়ীভাবে জাল ও বাঁশের কাঠামো স্থাপন না করে নিয়ম মেনে মাছ ধরার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য বিভাগের দ্রুত নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, নদীর স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করতে অবৈধ বা প্রতিবন্ধকতামূলক সৌতি জাল অপসারণ করতে হবে। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদাত হোসেন জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। এ বিষয়ে দ্রুত উপজেলা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকা টাইমস/১২সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষকদের শৃঙ্খলা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর তাগিদ রংপুর রেঞ্জ ডিআইজির
তিন মাসের ব্যবধানে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই কমেছে: ডিএমপি কমিশনার
শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন
তিতাস নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত