সাভারে বাড়িতে বিস্ফোরক উদ্ধার, আটক আরিফকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১০:৫৮
অ- অ+

ঢাকার সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়ে নয়টি বিস্ফোরকসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে একই ঘটনায় আরিফ হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে পাঁচটি বিস্ফোরকসহ আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাড়িটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), বোমা ডিসপোজাল ইউনিট ও পুলিশের সদস্যরা অংশ নেন।

জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিশোরগঞ্জ থেকে আরিফকে অনুসরণ করছিলেন। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি সাভারের হেমায়েতপুর এলাকায় বাস থেকে নামলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে তল্লাশি চালিয়ে পাঁচটি বিস্ফোরক, একটি ব্যাগ, একটি চাকু ও লাইটার উদ্ধার করা হয়।

পরে আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে হেমায়েতপুরের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর প্রাইমারি স্কুলের পেছনে আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িটিতে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, চলতি মাসের ১ তারিখে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। অভিযানে বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে একই ধরনের আরও নয়টি বিস্ফোরক এবং বোমা তৈরির বিপুল পরিমাণ উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন বলেন, মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত করে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের একজন আরিফ হোসেন। অন্যজন নাজমুল হাসান ওরফে ‘বোমারু মামুন’, যাকে এ ঘটনার মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মূলত ‘বোমারু মামুন’কে গ্রেপ্তারের উদ্দেশ্যেই সাভারের ওই বাড়িতে অভিযান চালানো হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, হেমায়েতপুর এলাকা থেকে একজনকে পাঁচটি ককটেল ও বিস্ফোরকসহ আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

অভিযানে বাড়ি থেকে জেএমবির কিছু লিফলেট, কয়েকটি ককটেলসদৃশ বস্তু এবং বোমা তৈরির উল্লেখযোগ্য পরিমাণ উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালে রাত ১২টার দিকে আটক আরিফের ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি পাঁচটি শক্তিশালী পাইপ বোমা উদ্ধারের কথা জানান ওসি। পরে বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে একই ধরনের আরও নয়টি পাইপ বোমা উদ্ধার করা হয়।

উদ্ধার করা একটি পাইপ বোমা রাত ১২টার দিকে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, ভবন থেকে উদ্ধার করা পাইপ বোমার মূল উপাদান হিসেবে হাইড্রোজেন পার-অক্সাইড পাওয়া গেছে।

ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, উদ্ধার হওয়া বিস্ফোরক ও সরঞ্জামের উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা