কলকাতায় ফিরে বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের, জবাবে সিজেপি নেতা

দীর্ঘ প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। ভারতের ছাত্র আন্দোলনের সঙ্গে বাংলাদেশের আন্দোলনার তুলনা টেনে দেওয়া তার বক্তব্যের জবাব দিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে।
সোমবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে এ তথ্য জানানো হয়।
সমালোচকদের অভিযোগ, নিজেকে আলোচনায় রাখতে তসলিমা নাসরিন প্রায়ই কোনো নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই বিতর্কিত ও উদ্ভট মন্তব্য করেন।
রোববার কলকাতায় এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তসলিমা নাসরিন বলেন, দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলন তিনি পুরোপুরি অনুসরণ করেননি। তবে আন্দোলনের একটি ভিডিও দেখে তার বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের কথা মনে পড়ে।
তিনি দাবি করেন, শুরুতে অনেকেই মনে করেছিলেন আন্দোলনটি শুধু কোটা সংস্কারের দাবিতে হচ্ছে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই দাবি মেনে নিতে প্রস্তুত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় এবং সরকারের পতন ঘটে।
তবে তসলিমার এ মন্তব্যের প্রতিক্রিয়ায় সিজেপি নেতা অভিজিত দীপকে বলেন, ভারতের আন্দোলনের সঙ্গে বাংলাদেশ কিংবা নেপালের আন্দোলনের তুলনা করা ঠিক নয়।
তিনি বলেন, “বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে যন্তর মন্তরের আন্দোলনের তুলনা করা হচ্ছে শুধু বদনাম করার জন্য। আমরা আলাদা।”
দীপকে আরও জানান, দেশজুড়ে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর সিজেপির দায়িত্ব আরও বেড়েছে এবং শিগগিরই দলটির সাংগঠনিক পরিসর বাড়ানো হবে।
গত মাসে ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে সিজেপি। পরে সাধারণ শিক্ষার্থীরাও ওই আন্দোলনে যোগ দেন। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন।
উল্লেখ্য, ধর্মীয় উগ্রবাদীদের হুমকির মুখে ১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তসলিমা নাসরিন। পরে তিনি ভারতে বসবাস শুরু করেন। ২০০৭ সালে কলকাতায় তার লেখাকে কেন্দ্র করে বিক্ষোভের পর শহরটি ছাড়তে হলেও প্রায় ১৯ বছর পর সম্প্রতি আবার কলকাতায় ফিরেছেন তিনি। সেখানে ফিরে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিতর্কিত ও উদ্ভট প্রতিক্রিয়াও জানান এই নির্বাসিত লেখিকা।
(ঢাকাটাইমস/০৪ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































