ব্রাজিলের ‘১০ নম্বর’ জার্সি এখন রাফিনিয়ার

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১
অ- অ+

নেইমার নেই, তবে তার ছায়া এখনও জড়িয়ে আছে ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে। সেই ঐতিহ্যবাহী জার্সিতে এবার শুরু হচ্ছে নতুন অধ্যায়। নেইমারের উত্তরসূরি হিসেবে ১০ নম্বর উঠছে বার্সেলোনার তারকা রাফিনিয়ার গায়ে।

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের জার্সি নম্বর প্রকাশ করেছে দেশটির ফুটবল কনফেডারেশন। সেখানে রাফিনিয়ার নামের পাশে রাখা হয়েছে ১০ নম্বর। বিষয়টি প্রথম প্রকাশ করেছে ইএসপিএন।

ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সির সঙ্গে নেইমারের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে এই জার্সিতেই খেলেছেন তিনি। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিলের ১০ নম্বর ছিল নেইমারের গায়েই। এবার সেই জার্সির দায়িত্ব উঠল রাফিনিয়ার কাঁধে।

তবে রাফিনিয়ার কাছে ১০ নম্বর একেবারে অপরিচিত নয়। নেইমারের অনুপস্থিতিতে ২০২৪ সালে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেছিলেন তিনি। যদিও ব্রাজিলের হয়ে বেশিরভাগ সময় তাঁর পরিচিতি ছিল ১১ নম্বর জার্সিতে।

নতুন জার্সি নম্বর বণ্টনে পরিবর্তন এসেছে আরও। রাফিনিয়ার পুরোনো ১১ নম্বর পেয়েছেন এস্তেভাও। ভিনিসিয়ুস জুনিয়র থাকছেন ৭ নম্বরেই, আর ৯ নম্বর জার্সি পেয়েছেন এনদ্রিক।

নেইমারের রেখে যাওয়া ১০ নম্বর শুধু একটি জার্সি নয়, এটি একটি অন্য রকম দায়িত্ব। সেই জার্সি এবার রাফিনিয়ার গায়ে। কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন যুগের শুরুতে তার কাছে থাকবে বাড়তি প্রত্যাশা।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দুই দলের দ্বিতীয় প্রীতি ম্যাচ হবে ২৯ সেপ্টেম্বর। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে আনচেলত্তির দল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন সপ্তাহের ঘরেই লেপার্ড দুটির কেটে গেল ৯ বছর!
খুলনায় চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা
সংস্কারের প্রভাবে দেশের পুঁজিবাজারে বাড়ছে বিদেশি বিনিয়োগ
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ