করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার সঠিক উপায়

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কিত সারা বিশ্বের মানুষ। আমাদের দেশও ঝুঁকিমুক্ত নয়। এরই মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
করোনাভাইরাস সংক্রমণে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে প্রাণ হারাচ্ছেন মানুষ। দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাসের প্রতিষেধক হিসেবে এখনো স্বীকৃত কোনো ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় এর প্রতিরোধ সম্ভব হচ্ছে না। আর সে কারণেই ছড়িয়ে পড়ছে আতঙ্ক।
বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস হাতে তিন ঘণ্টা বেঁচে থাকতে পারে। আর হাত মুখ কিংবা শরীরের অন্য কোথাও লাগলে জীবাণু দ্রুত শরীরে প্রবেশ করতে পারে। তাই বারবার হাত ধুয়ে নিলে সংক্রমণের ঝুঁকি কমে।
করোনাভাইরাস থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান করোনা ঠেকাতে প্রথমত হাত পরিষ্কার রাখার কথা বলেছে।

জেনে নিন সঠিকভাবে হাত ধোয়ার কৌশল নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ:
হাত পানি দিয়ে ভিজিয়ে পর্যাপ্ত সাবান নিন
ডান হাতটি বাম হাতের ওপরে ঘষুন এবং আপনার আঙুলের মধ্যে পরিষ্কার করুন
হাতের তালুতে তালু রাখুন। দুই হাতের তালু একসঙ্গে কয়েকবার ঘষুন
হাতের আঙুল ও নখ ভালোভাবে পরিষ্কার করুন
এবার আপনার এক হাতের আঙুলগুলোমুষ্টিবদ্ধ করুন এবং অপর হাত দিয়ে ঘষুন
সাবান দিয়ে ২০ সেকেন্ড হাতটা ঘষে ভালো করে ধুয়ে মুছে ময়েশ্চরাইজ়ার লাগিয়ে নিন
বাইরে থাকলে সব সময় পানি দিয়ে হাত ধোয়া সম্ভব হয় না। এজন্য সঙ্গে একটি ছোট স্যানিটাইজ়ার রাখুন। প্রয়োজনে এটি ব্যবহার করুন
বাড়ির ছোটদেরও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন
নাক, চোখ ও মুখে হাত দেওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে পরিষ্কার করে নিন।
বাইরে থেকে ঘরে ফিরেই প্রথমে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
রান্নাবান্না করার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে।
খাওয়ার আগে ও পরে অবশ্যই হাত ধুয়ে নিন।
ঘরে ছোট শিশু থাকলে, তার ডায়পার পরিবর্তনের পর সাবান দিয়ে হাত ধুতে হবে।
পশুপাখিকে স্পর্শ করার পর হাত ধুয়ে নিন।
কারও জ্বর হলে তাকে বা তার ব্যবহৃত কিছু ধরার পর হাত ধুতে হবে।
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই আপনাকে রক্ষা করতে পারে করোনাভাইরাসের জীবাণু থেকে।
(ঢাকাটাইমস/৯ মার্চ/আরজেড/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































