সরকার বিএনপির সমাবেশে বাধা দেয়নি, সহযোগিতা দিচ্ছে: ওবায়দুল কাদের

সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘সরকার বিএনপির সমাবেশে বাধাতো দেয়ইনি বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে’ বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের (বিএনপি) সমাবেশে লোকসমাগম হলে বলে সরকার ব্যর্থ আবার লোকসমাগম না হলে বলে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।’
‘বিএনপি নেতারা মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে’ যোগ করেন ওবায়দুল কাদের।
চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা কি ছিল- এ প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, ‘পরিবহন ধর্মঘটও তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভাস্থলই পূর্ণ হয়নি কেন?
খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের যে কথা অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব, সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সেখানেও সরকার বা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করেনি,করবেও না।’
‘ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক। তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সরকার বা আওয়ামী লীগের কি করার আছে’- প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।
‘ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘ওয়ান ইলেভেনের আগে ক্ষমতায় কারা ছিল?’
এসময় ‘বিএনপিই তখন তাদের দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম হাসানকে তত্বাবধায়াক সরকারের প্রধান করার লক্ষ্যে আইন সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছিল’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে বিএনপি তত্বাবধায়ক সরকারের প্রধান করেছিল।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি এবং এম এ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি। এ অবস্থায় ওয়ান-ইলেভেনে সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল।’
(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেএ/এফএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































