পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফফের গুলিতে বাংলাদেশি হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার মধ্য রাতে পোরশা সীমান্তের ভারতের অভ্যন্তরে কেদারিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আল আমীন। তিনি উপজেলার নিতপুর ইউনিয়নে চক বিষ্ণুপুর কলনী মোড় এলাকায় মৃত সিদ্দিকের ছেলে।
নিতপুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক জানান, সোমবার বিকালের দিকে আল আমীন বাড়ি থেকে বের হয়। এরপর ভোর রাতের দিকে স্থানীয় কিছু লোকজন জানান ভারতের অভ্যন্তরে আল আমীনকে গুলি করেছে বিএসএফ। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ইউপি চেয়ারম্যান বলেন, ‘গতকাল রাত থেকে আল আমীনের মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যাচ্ছে।’
এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান জানান, ভোরের দিকে ভারতে অভ্যন্তরে একটি ফায়ারিং এর শব্দ পায় বিজিবি। ঘটনাটি সীমান্ত এলাকার ২৩১/২৩২ নাম্বার পিলারের মাঝামাঝি স্থানে ভারতের কেদারিপাড়ার দিকে ঘটেছে। তবে কেউ মারা গেছে কি না সে বিষয়টি লোকমুখে শুনলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরইমধ্যে বিষয়টি জানতে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি ও ফোনে প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষেই বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
(ঢাকাটাইমস/২৬মার্চ/প্রতিনিধি/এসআইএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












