দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬৪ হাজার ৪১৪ টাকা

দেশে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ শনিবার সকালে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে এক লাফে ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি ঘোষণা করেছে।
নতুন হিসাব অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম এখন ২ লাখ ৬৪ হাজার ৪১৪ টাকা। এছাড়া, ২১ ক্যারেট প্রতি ভরির দাম পড়বে ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম ইতিমধ্যেই ৩৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বাড়ানো হয়েছে এবং মাত্র ১২ বার দাম কমানো হয়েছে। গত বছরে স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
বিশ্ববাজারেও স্বর্ণের দর বেড়েছে। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:২৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫,২৩২.২১ ডলারে পৌঁছেছে। ফেব্রুয়ারিতে স্বর্ণের দাম ইতিমধ্যেই প্রায় ৬.৫ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রে এপ্রিল ডেলিভারির গোল্ড ফিউচারস ১.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,২৫৩.২০ ডলারে পৌঁছেছে।
স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য সতর্কতার সংকেত। সাধারণ ক্রেতাদেরও বাজারে ওঠানামার বিষয়ে সচেতন থাকতে হবে।
(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































