সিসি ক্যামেরা বসিয়ে আত্মগোপনে থাকা প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৬, ১৫:০১
অ- অ+

দীর্ঘদিন আত্মগোপনে থাকা গাড়ি ক্রয়-বিক্রয় প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সিআইডি।

গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন সাতপাখি এলাকা থেকে সিআইডির ঢাকা মেট্রো-উত্তর ইউনিটের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি বিভিন্ন মামলা মাথায় নিয়ে বাসাসহ আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন।

রবিবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামি ও তার চক্র পুরনো গাড়ি বিক্রয়ের ক্ষেত্রে জাল নন-জুডিসিয়াল স্ট্যাম্প ব্যবহার করে মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাগজ তৈরি করত। ২০২৩ সালের অক্টোবর মাসে তারা জাল কাগজ প্রদর্শন ও মোবাইল ফোনের মাধ্যমে গাড়ির কথিত মালিকের সঙ্গে কথোপকথন করিয়ে ১০ লক্ষ টাকার একটি গাড়ি বিক্রি করে। এর মধ্যে ২ লক্ষ ৫০ হাজার টাকা নগদ এবং ৭ লাখ ৫০ হাজার টাকা চেকের মাধ্যমে লেনদেন করা হয়। পরে প্রকৃত মালিকানা জটিলতার কারণে ক্রেতাকে আর্থিক ও আইনিভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়।

চক্রটি বিভিন্ন রেন্ট-এ-কার প্রতিষ্ঠান থেকে গাড়ি ভাড়া নিয়ে তা জাল কাগজপত্রে বিক্রি করত। মো. সাইফুল ইসলাম নিজেকে বিভিন্ন কোম্পানির এমডি, বার্তা সম্পাদক ও চ্যানেলের পরিচালক পরিচয় দিতেন। তার স্ত্রী রাজিয়া সুলতানা শারমিনকে নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড ব্যবহার করত প্রতারণার জন্য।

সিআইডি জানায়, মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত প্রতারক প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে। মামলার তদন্ত এবং প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য সিআইডি অভিযান চালাচ্ছে।

সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদসহ মামলার সকল তথ্য সংগ্রহ করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক