ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিমানবন্দরে ব্যাপক বিস্ফোরণ, জ্বলছে বিমান

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সপ্তম দিনে গড়িয়েছে। শনিবার (৭ মার্চ) পর্যন্ত দেশ দুটির সামরিক অভিযান অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।
বিবিসি-এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান-এর প্রধান বিমানবন্দর এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের মেহরাবাদ বিমানবন্দর-এর কাছে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর বিমানবন্দরের ভেতরে থাকা একাধিক বিমান জ্বলতে দেখা গেছে। বিস্ফোরণের পরপরই বিমানবন্দর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মেহরাবাদ বিমানবন্দরটি তেহরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিমানবন্দরগুলোর একটি। সেখানে হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ইসরায়েল সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল, তারা ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নতুন করে ব্যাপক হামলা শুরু করতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, চলমান পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।
(ঢাকাটাইমস/৭ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































