দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো প্রায় ২৫ হাজার টাকা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৬, ১৪:৫০
অ- অ+

দেশের স্বর্ণবাজারে এক সপ্তাহের ব্যবধানে বড় ধরনের দরপতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রকাশিত সর্বশেষ মূল্যতালিকা বিশ্লেষণে দেখা যায়, ভরিতে স্বর্ণের দাম কমেছে প্রায় ২৫ হাজার টাকা।

বাজুসের নির্ধারিত দামে বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ভরি প্রতি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকায়।

এর আগে গত ১১ মার্চ ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ভরি প্রতি ২ লাখ ৮৭ হাজার ২৬২ টাকা। সে হিসেবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্য হারে দাম কমেছে। একই সময়ে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামেও বড় ধরনের হ্রাস লক্ষ্য করা গেছে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতনের প্রভাবই দেশের বাজারে প্রতিফলিত হয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কঠোর আর্থিক নীতির কারণে বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৪,৭৬৪ দশমিক ২৭ ডলারে নেমেছে, যা ৬ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। একই সময়ে যুক্তরাষ্ট্রে এপ্রিল ডেলিভারির স্বর্ণ ফিউচার্সের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে ৪,৭৭০ ডলারে দাঁড়িয়েছে।

ঈদুল ফিতরকে সামনে রেখে এমন দরপতনে বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক প্রবণতা অব্যাহত থাকলে স্বর্ণের দাম আরও কমতে পারে।

(ঢাকাটাইমস/২০ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর