বিশ্ব বাজারে আবারও বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ছাড়াল ১০০ ডলার

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং কূটনৈতিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নতুনভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবারের বড় দরপতনের পর ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ১০০ ডলারের উপরে উঠে গেছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) এশিয়ার বাজারে লেনদেন শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩.৭৫ শতাংশ বেড়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছায়। একই সময়ে নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯১.৫৫ ডলারে পৌঁছায়।
এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের ওপর সম্ভাব্য নতুন হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে এবং তেহরানের সঙ্গে আলোচনাকে “খুবই ইতিবাচক” হিসেবে বর্ণনা করেন। এই ঘোষণার পর তেলের দাম ১০ শতাংশেরও বেশি কমে যায়।
তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ইরান পক্ষ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় অংশ নিচ্ছে না, যা বাজারে নতুন অস্থিরতা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা সম্ভাব্য কূটনৈতিক সমাধান ও তার বিপরীত দাবির মধ্যে দ্বন্দ্বপূর্ণ সংকেত পাচ্ছেন, ফলে তেলের বাজারে স্থিতিশীলতা নেই।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের টানাপোড়েন যদি দ্রুত সমাধান না হয়, তেলের দাম আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































