ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন বিধ্বস্ত, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৪
অ- অ+

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ হামলার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ)। খবর আল আরাবিয়া’র।

এমডিএ জানায়, তেল আবিবের কাছের বেনি ব্রাক শহরে নয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ২৩ বছর বয়সী এক তরুণ পেট ও মাথায় স্প্লিন্টারের আঘাতে মাঝারি অবস্থায় রয়েছেন। বাকি আটজনের অবস্থা হালকা, যাদের মধ্যে ছয়জন শিশু। এছাড়া গিভাত শমুয়েল এলাকায় আরও তিনজন আহত হয়েছেন।

সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, হামলায় বেনি ব্রাকের কয়েকটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি ভবনের বারান্দা ভেঙে একটি গাড়ির ওপর পড়ে এবং অন্য একটি ভবনের ওপরের তলার একটি ফ্ল্যাট নিচে ধসে পড়ে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত থেকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সতর্কতায় তারা ১২টি সতর্কবার্তা জারি করেছে।

অন্যদিকে, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় উত্তর ইসরায়েলে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) আপার গ্যালিলি এলাকায় এ হামলায় প্রাণ হারান ৩০ বছর বয়সী ওই নারী। একই ঘটনায় আরও দুইজন বেসামরিক ব্যক্তি শার্পনেলের আঘাতে সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি পরিষেবা। খবর সিএনএন।

চলতি মাসের শুরুতে সহিংসতা বৃদ্ধির পর এই প্রথম কোনো বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটল।

ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে গত ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এর দুই দিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়।

সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ নিয়মিতভাবে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করছে। ইসরায়েলি সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, গড়ে প্রতিদিন ৯০ থেকে ১১০টি প্রজেক্টাইল ছোড়া হচ্ছে। এর মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে, আর বাকি অংশ উত্তরাঞ্চলের বেসামরিক এলাকায় আঘাত হানছে।

এদিকে, একই দিনে আপার গ্যালিলি অঞ্চলে পৃথক আরেক ঘটনায় ইরানের ক্ষেপণাস্ত্রের শার্পনেলে আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৫ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা